ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৬ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী মাপের ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৬।


মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে কম্পনটি অনুভূত হয়। প্রাথমিকভাবে এর প্রভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও ভূমিকম্পের পর দেশটিতে ভয়াবহ সুনামি সতর্কতা জারি করা হয়েছে।


ইন্দোনেশিয়ার আবহাওয়া দফতরের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, মঙ্গলবার দেশটির পূর্ব নুসা তেংগারা অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। যদিও রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৫ ছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর।


এ দিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলছে, এবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭। আর এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৫ কিলোমিটার (৩.১১ মাইল) নিচে।


ভূমিকম্পের পর মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তাৎক্ষণিকভাবে রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ৬ বলে জানালেও পরবর্তীকালে তা সংশোধন করে ৭ দশমিক ৩ বলে উল্লেখ করা হয়।


অপর দিকে ভূমিকম্পের পর আতঙ্কে লোকজন নিজেদের বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ইন্দোনেশিয়ার ফ্লোরেস আইল্যান্ডের মাউমের শহরের বাসিন্দা অগাস্টিনাস ফ্লোরিয়ানাস রয়টার্সকে জানিয়েছেন, ভূমিকম্পের পর আতঙ্কে সকলেই সড়কে বেরিয়ে এসেছিলেন।


এছাড়া ইন্দোনেশিয়ার মালাকু, পূর্ব নুসা তেংগারা, পশ্চিম নুসা তেংগারা অঞ্চলে এবং দক্ষিণ সুলাওয়েসি দ্বীপ ও এর দক্ষিণ-পূর্বাঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।


ইন্দোনেশিয়ার আবহাওয়া দফতর বলছে, শক্তিশালী এই ভূমিকম্পের পর লারানতুকা এলাকায় প্রথম আফটার শক (ভূমিকম্প পরবর্তী কম্পন) অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৬।


লারানতুকার পূর্ব ফ্লোরেস অঞ্চলের দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলফোনস হাদা বাতেন জানিয়েছেন, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে এখনো কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। এবার বেশ কয়েক মিনিট ধরে ভূমিকম্পটি অনুভূত হয়। এ সময় লোকজন নিজেদের বাড়ি-ঘর ছেড়ে বাহিরে পালিয়ে যান।


বিশ্লেষকদের মতে, প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ এলাকায় অবস্থান হওয়ায় ইন্দোনেশিয়ায় মাঝারি বা বড় ধরণের ভূমিকম্প প্রায় নিয়মিত ঘটনা। ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের ঘন ঘন স্থানচ্যুতির কারণে এই এলাকার নামকরণ করা হয়েছে ‘রিং অব ফায়ার’। জাপান থেকে শুরু হয়ে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী দক্ষিণপূর্ব এশিয়ার এলাকাসমূহ এই ‘রিং অব ফায়ার’-এর মধ্যে পড়েছে।


উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্রটিতে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ খুবই সাধারণ একটি বিষয়। চলতি ডিসেম্বর মাসের শুরুর দিকে দেশটির জাভা দ্বীপে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের কারণে কমপক্ষে ৪৮ জন প্রাণ হারিয়েছিলেন। ভয়াবহ সেই অগ্নুৎপাতের কারণে ধেয়ে আসা ছাইয়ের কুণ্ডলী ও লাভায় দগ্ধ হয়ে শত শত মানুষ আহত হয়েছিলেন।


এর আগে ২০০৪ সালের ২৬ ডিসেম্বর দ্বীপরাষ্ট্রটির আচেহ প্রদেশে ৯ দশমিক ১ মাত্রার তীব্র শক্তিশালী ভূমিকম্পের ফলে ভয়াবহ সুনামির সৃষ্টি হয়। যাতে প্রায় ১ লাখ ৭০ হাজারের বেশি লোকের মৃত্যু হয়। ইন্দোনেশিয়ার ইতিহাসে প্রাকৃতিক দুর্যোগে এটাই সবচেয়ে বড় হতাহতের ঘটনা।




সূত্র : বিবিসি নিউজ

ads
ads
ads

Our Facebook Page

↑